বুধবার ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার : মূল অপহরণকারীসহ আটক ২

🗓 বুধবার, ১৩ মে ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৩ মে ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে দীর্ঘ এক সপ্তাহ পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

এ ঘটনায় মূল অপহরণকারী তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) ও তার সহযোগী মোঃ আবু সাঈদ (২৪)-কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের পরিচয় হলো—ঢাকার উত্তরা আটিপাড়ার রফিকুল ইসলাম এর পুত্র তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম (৩৩) এবং কক্সবাজারের উখিয়ার রাজাপালং  ইউনিয়নের ২নং ওয়ার্ড এর বাসিন্দা মোঃ খোরশেদ আলমের পুত্র মোঃ আবু সাঈদ (২৪)।

র‌্যাব-১৫ জানায়, গত ৬ মে রাজধানীর ধানমন্ডির ১৩/এ সড়কে নিজ বাসার সামনে থেকে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক সাদা রঙের একটি হাইয়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।

এ ঘটনায় ভিকটিমের পরিবার ধানমন্ডি মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করে।

চাঞ্চল্যকর এই অপহরণের ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর থেকেই অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে এবং জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ জানতে পারে, অপহরণকারীরা ভিকটিমকে নিয়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন এলাকায় অবস্থান করছে।

পরে গত ১২ মে সন্ধ্যায় কক্সবাজার লিংক রোডস্থ বাংলাদেশ বেতার অফিসের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল।

অভিযান চলাকালে রাত আনুমানিক ৮টার দিকে অপহৃত স্কুলছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

একই সঙ্গে মূল আসামি তাওহীদ মোহাম্মদ মোস্তাকিম এবং তার সহযোগী মোঃ আবু সাঈদকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

জানা গেছে, মূল আসামি দীর্ঘদিন ধরে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল। তার প্রস্তাবে সাড়া না পেয়ে সহযোগীদের সহায়তায় ওই শিক্ষার্থীকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে আসে।

র‌্যাব-১৫ আরও জানায়, উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর