মোঃ রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্রসহ দুইজন এবং নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাতে ও পরবর্তীতে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
ঈদগাঁও থানা সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, ঈদগাঁও থানার আলমাছিয়া পূর্ব গেইট সংলগ্ন স্বপ্নচূড়া মার্কেট এলাকায় কয়েকজন ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে ডিএডি মোঃ মোমিন হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন— মোঃ এনামুল হক এনাম (২৩) ও মোঃ নূরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)।
তারা উভয়েই ঈদগাঁও উপজেলার কালীরছড়া (চরপাড়া) এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, একটি Redmi 14C মোবাইল ফোন এবং একটি নকিয়া বাটন ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ঈদগাঁও থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২/৫৭, তারিখ ১৪/০৫/২০২৬।
অন্যদিকে, ঈদগাঁও থানার বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি চাঞ্চল্যকর মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ সাইদ প্রকাশ সায়েদ (২১) কে গ্রেফতার করা হয়েছে।
তিনি মেহেরঘোনা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা চলমান রয়েছে।
এছাড়া এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাধ প্রতিরোধমূলক অভিযানে মোঃ সাইমুন (২৩) নামের আরও এক যুবককে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক করা হয়েছে।
তিনি বর্তমানে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় বসবাস করছিলেন।
ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।













