নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারের (পেকুয়া বাজার) পশ্চিম পাশে কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা সংলগ্ন অংশে রামিসা হত্যার সুষ্ঠু বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
শুক্রবার (২২মে) বিকেলে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ পেকুয়া উপজেলার ব্যানারে এ কর্মসুচি পালিত হয়।
এসময় মানববন্ধন পরবর্তী এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে।
এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সাবেক সভাপতি মাহমুদুল করিম ফারুখী।
তিনি বলেন, রামিসার হত্যার সুষ্ঠু বিচার না হলে সমাজে ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে। আমরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে আসামিদের বিচার কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।













