কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শুক্রবার (২২ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টার দিকে কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা বীচ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই সঙ্গে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া জব্দকৃত ইয়াবা ও প্রাইভেটকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, মাদকের ভয়াবহ বিস্তার থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













