হেলাল উদ্দিন,টেকনাফ :: বাংলাদেশ কোস্ট গার্ড কক্সবাজারের টেকনাফ উপকূলীয় সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই এলাকার একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
এসময় পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এদিকে, সমুদ্রপথে চোরাচালান ও পাচার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।













