শনিবার ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার বিজিবি’র পৃথক অভিযানে ১৯,৮০০ পিস ইয়াবা ও ৩৪ লিটার মদ জব্দ : আটক-১

🗓 শুক্রবার, ২২ মে ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২২ মে ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীন রেজুখাল চেকপোস্ট ও রেজুপাড়া বিওপি’র পৃথক মাদকবিরোধী অভিযানে ১৯ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ৩৪ লিটার বাংলা মদ এবং মাদক পাচারে ব্যবহৃত যানবাহন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় একজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২২ মে) কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্র জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় শুক্রবার দুপুর দেড়টার দিকে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুখাল চেকপোস্টে ডগ জন, বিজিবিকেএম-এর বিশেষ দক্ষতার মাধ্যমে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালানো হয়।

এ সময় সিএনজি চালক শাহ আলম (৪৮) এর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে সিএনজির টায়ারের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৯ হাজার ৮০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শাহ আলম টেকনাফ উপজেলার কিমংখালী (পশ্চিম) এলাকার ঠান্ডা মিয়ার ছেলে। এসময় মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সিএনজিটিও জব্দ করা হয়।

অপরদিকে, একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে রেজুপাড়া বিওপি’র একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪১ এর প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাত্রাঝিরি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে আসামীবিহীন অবস্থায় ৩৪ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।

সীমান্ত এলাকায় সকল ধরনের অবৈধ কার্যক্রম দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর