সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন

🗓 সোমবার, ২৫ মে ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৫ মে ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস, উখিয়া :: কক্সবাজারের উখিয়া সীমান্তের বিপরীতে মিয়ানমারের রাখাইন অঞ্চলে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে উখিয়ার এমএসএফ (মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম মোহাম্মদ সালমান (২৭)। তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৯ ব্লকের বাসিন্দা। তার পিতা মোহাম্মদ নিজামত আলী এবং মাতা নুর মারিজান।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, ৬৪ বিজিবির অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-২১ পিলার থেকে আনুমানিক ৫৫০ গজ উত্তর-দক্ষিণ দিকে এবং বালুখালী বিওপি থেকে প্রায় এক কিলোমিটার পূর্বে কাটাপাহাড় পোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থলটি শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত।

ক্যাম্পের বাসিন্দা আহমদ উল্লাহ জানান, সোমবার সকালে সালমান সীমান্তের ওপারে গেলে হঠাৎ স্থলমাইন বিস্ফোরণ ঘটে।

এতে তিনি গুরুতর আহত হন এবং তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, “অনেক রোহিঙ্গা বিভিন্ন সময় মাদক আনতে সীমান্ত অতিক্রম করে বলে অভিযোগ রয়েছে।

অবৈধ কার্যক্রম ছাড়া তাদের মিয়ানমারে যাওয়ার তেমন কোনো কারণ থাকে না।”

তবে আহত সালমান কী কারণে মিয়ানমারের অভ্যন্তরে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, “মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার বিষয়ে থানায় এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।”

উল্লেখ্য, এর আগে রোববার (২৪ মে) নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হন। তারা সীমান্তসংলগ্ন বালুক্যা পাড়ার বাসিন্দা ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর