কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে সংঘটিত দুই পক্ষের গোলাগুলির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।
সমিতির নেতৃবৃন্দ বলেছেন, আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় এ ধরনের সন্ত্রাসী ঘটনা কক্সবাজারের ইতিহাসে নজিরবিহীন।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, জেলা জজ আদালত, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়সহ আশপাশের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষের উপস্থিতি থাকে।
এমন একটি এলাকায় প্রকাশ্যে গোলাগুলির ঘটনা বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিচারপ্রার্থীদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে।
আইনজীবী সমিতির অভিযোগ, ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা সংশ্লিষ্ট কোনো সংস্থা এখন পর্যন্ত তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করেনি।
ফলে পুরো বিষয়টি নিয়ে সমিতি এখনো “অন্ধকারে” রয়েছে।
অথচ আদালত এলাকায় প্রতিদিন প্রায় দেড় হাজার আইনজীবী, অসংখ্য শিক্ষানবীশ আইনজীবী ও আইনজীবী সহকারী দায়িত্ব পালন করেন।
সমিতি আরও জানায়, ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে পরস্পরবিরোধী সংবাদ প্রকাশিত হওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।
মামলার এজাহারের সঙ্গে ভিডিও ফুটেজের অসঙ্গতি এবং ঘটনার পরপর দেওয়া বক্তব্যের সঙ্গে পরবর্তী সময়ের বক্তব্যের ভিন্নতাও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এছাড়া আদালতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকা সত্ত্বেও কথিত আটক ব্যক্তিকে আদালত এলাকায় দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তর না করে থানায় নিয়ে যাওয়ার ঘটনাও বিতর্ক ও বিভ্রান্তির সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও বিচার বিভাগের পক্ষ থেকে পৃথক পৃথক তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে।
একই সঙ্গে আদালত প্রাঙ্গণে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সমিতির পক্ষ থেকে আরও বলা হয়, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেশকে অস্থিতিশীল করা কিংবা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার কোনো অপচেষ্টা কি না, সেটিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা প্রয়োজন।
বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের নিরাপত্তার স্বার্থে আদালত এলাকায় অনতিবিলম্বে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিও জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।














