রবিবার ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইপিএলের ফাইনালে বেঙ্গালুরুর সামনে গুজরাত : শুভমান গিলের ঝড়ে বিধ্বস্ত রাজস্থান

🗓 শনিবার, ৩০ মে ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ৩০ মে ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে গুজরাত টাইটান্স।

অধিনায়ক শুভমান গিলের বিধ্বংসী সেঞ্চুরি ও সাই সুদর্শনের ঝড়ো ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়েছে তারা। ফলে রবিবার আহমেদাবাদে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাত।

রাজস্থানের দেওয়া ২১৫ রানের বিশাল লক্ষ্য গুজরাত মাত্র ৩ উইকেট হারিয়ে অনায়াসেই টপকে যায়। নিজেদের ঘরের মাঠে এই জয় এনে দেয় দলটিকে আইপিএলের তৃতীয় ফাইনালের টিকিট।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল গুজরাত। জফ্রা আর্চারের প্রথম ওভারেই চারটি বাউন্ডারি হাঁকিয়ে নিজেদের পরিকল্পনার স্পষ্ট বার্তা দেয় শুভমান ও সাই সুদর্শন। পাওয়ার প্লে শেষেই স্কোরবোর্ডে উঠে যায় ৬৯ রান। এরপর ক্রমেই বাড়তে থাকে তাদের আধিপত্য।

দুজন মিলে নবম ওভারেই গড়ে ফেলেন শতরানের জুটি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিল শুভমান গিল ও সাই সুদর্শনের ১১তম শতরানের পার্টনারশিপ, যা পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।

রাজস্থানের স্পিন আক্রমণও কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং গুজরাতের ব্যাটাররা আরও বেশি আগ্রাসী হয়ে ওঠেন। একসময় মনে হচ্ছিল কোনো উইকেট না হারিয়েই ম্যাচ শেষ করবে গুজরাত।

তবে আগের ম্যাচের মতো এবারও হিট উইকেট হয়ে ফেরেন সাই সুদর্শন। ৩২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি।

এরপরও থামেননি শুভমান গিল। জাডেজার এক ওভারে চার মেরে পূর্ণ করেন নিজের সেঞ্চুরি। শেষ পর্যন্ত আর্চারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫৩ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গুজরাত অধিনায়ক। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা।

শেষদিকে জস বাটলার অপরাজিত ৯ এবং রাহুল তেওতিয়ার অপরাজিত ১৭ রানে সহজ জয় নিশ্চিত করে গুজরাত।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজস্থান রয়্যালস। যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেলের দ্রুত বিদায়ে চাপে পড়ে দলটি। সেই চাপের মধ্যেই দায়িত্বশীল ইনিংস খেলেন মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী।

এদিন আগের ম্যাচগুলোর মতো শুরু থেকেই ঝড় তোলেননি বৈভব। দলের পরিস্থিতি বুঝে ধৈর্যের সঙ্গে ইনিংস গড়েন তিনি। ধীরে ধীরে হাত খুলে খেলতে শুরু করেন এবং ৩১ বলে তুলে নেন অর্ধশতক। পরে আরও ভয়ঙ্কর রূপ নেন এই তরুণ ব্যাটার।

মাঠের চারদিকে দৃষ্টিনন্দন সব শট খেলতে থাকা বৈভব একসময় শতরানের দিকেই এগোচ্ছিলেন। তবে কাগিসো রাবাডার শর্ট বলে থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে ৯৬ রানে থামতে হয় তাকে। ১৫ বছর বয়সী এই ব্যাটারের ইনিংসে মুগ্ধ হয়ে গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে অভিবাদন জানায়।

বৈভবের সঙ্গে জাডেজার ১২৭ রানের জুটি রাজস্থানকে লড়াকু সংগ্রহ এনে দেয়। শেষ ওভারে রশিদ খানকে চারটি ছক্কা হাঁকিয়ে দলের রান ২০০ পার করেন জাডেজা। কিন্তু শেষ পর্যন্ত বোলারদের ব্যর্থতায় সেই সংগ্রহও যথেষ্ট হয়নি।

ফলে দাপুটে জয় নিয়ে ফাইনালের মঞ্চে উঠল গুজরাত টাইটান্স। এখন শিরোপার লড়াইয়ে তাদের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর