কক্সবাংলা ডটকম(৮ নভেম্বর) :: বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে ২০২৫ সালের শেষে ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
দেশের জনসংখ্যার হিসাবে মাথাপিছু এ ঋণের পরিমাণ প্রায় ৬৪৬ ডলার।
আগের বছরের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ।
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬-এ এ তথ্য উঠে এসেছে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৫ সালেও দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
এর পর গত এক দশকে বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রায় তিনগুণ হয়েছে।
২০২৫ সালে দেশের জনসংখ্যা ছিল ১৭ কোটি ৫৭ লাখ।
সে অনুযায়ী ওই সময়ের মোট বৈদেশিক ঋণকে জনসংখ্যা দিয়ে ভাগ করে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়ায় ৬৪৬ ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের মধ্যে সরকারি ও রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত ঋণ ৮৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
এছাড়া বেসরকারি খাতের সরকারি নিশ্চয়তাবিহীন ঋণের পরিমাণ ৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার এবং স্বল্পমেয়াদি ঋণ ১৪ দশমিক ৬ বিলিয়ন ডলার।
সরকারি ও সরকারি নিশ্চয়তাপ্রাপ্ত ঋণের মধ্যে বহুপক্ষীয় ঋণদাতাদের কাছে বাংলাদেশের দায় ৫১ দশমিক ১৪ বিলিয়ন ডলার।
দ্বিপক্ষীয় ঋণদাতাদের কাছে ৩২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এ খাতে বেসরকারি ঋণদাতাদের কাছে দায় আরও ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
বাংলাদেশকে বহুপক্ষীয় ঋণদাতাদের মধ্যে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ)।
সংস্থাটির কাছে বাংলাদেশের মোট দেনা ২২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ঋণ ১৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
অন্যান্য বহুপক্ষীয় ঋণদাতার কাছে দায় ১০ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।
দ্বিপক্ষীয় ঋণদাতাদের মধ্যে সবচেয়ে বেশি ঋণ দিয়েছে জাপান। দেশটি বাংলাদেশের কাছে মোট পাবে ১২ দশমিক ৭২ বিলিয়ন ডলার।
রাশিয়ার কাছে ৯ দশমিক ০২ বিলিয়ন ডলার এবং অন্যান্য দ্বিপক্ষীয় ঋণদাতার কাছে ১০ দশমিক ৯০ বিলিয়ন ডলার।
দক্ষিণ এশিয়ার গড়ের চেয়ে বেশি মাথাপিছু ঋণ
দক্ষিণ এশিয়ার দেশগুলোর গড়ের তুলনায় বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ বেশি। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের সম্মিলিত বৈদেশিক ঋণ ছিল ৯৫৫ বিলিয়ন ডলার।
আর আঞ্চলিক পর্যায়ে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৬৪ ডলার। সে হিসাবে বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ আঞ্চলিক গড়ের তুলনায় প্রায় ৪৮ শতাংশ বেশি।
বিশ্বব্যাংকের এ আঞ্চলিক হিসাবের আওতায় রয়েছে বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দেশগুলোর সম্মিলিত বৈদেশিক ঋণ বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার মোট বৈদেশিক ঋণ অঞ্চলটির মোট জাতীয় আয়ের ২১ শতাংশের সমান। আর এ অঞ্চলের রপ্তানি আয়ের ১০ শতাংশ ব্যয় হয়েছে ঋণ পরিশোধে।
দেশগুলোর মধ্যে ভারতের মাথাপিছু বৈদেশিক ঋণ প্রায় ৫২২ ডলার এবং নেপালের ৪০১ ডলার। এ দুই দেশের তুলনায় বাংলাদেশের মাথাপিছু ঋণ বেশি।
তবে শ্রীলঙ্কার মাথাপিছু বৈদেশিক ঋণ প্রায় ২ হাজার ৬৪৫ ডলার। ভুটানের ৪ হাজার ২১৮ ডলার আর মালদ্বীপের প্রায় ৮ হাজার ৯৫৭ ডলার।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের বৈদেশিক ঋণ সবচেয়ে বেশি, ৭৬৩ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের ঋণ ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। আর শ্রীলঙ্কার মোট বৈদেশিক ঋণ ৫৭ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।













