কক্সবাংলা রিপোর্ট :: সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়ন, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, পারস্পরিক সহযোগিতা এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের মতামত ও কণ্ঠভোটের মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি নির্বাচিত হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার অফিসপ্রধান জি এ এম আশেক উল্লাহ সভাপতি এবং দেশ টিভির কক্সবাজার প্রতিনিধি আবদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নিরপেক্ষ ও দি ইভনিং নিউজের প্রতিনিধি মোহাম্মদ উর রহমান মাসুদ এবং কোষাধ্যক্ষ হয়েছেন দৈনিক মানবকণ্ঠের ইসলাম মাহমুদ।
নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক ভোরের ডাকের মোহাম্মদ হাশিম, দৈনিক আমার দেশের আনছার হোসেন, দৈনিক সমকাল ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইব্রাহিম খলিল মামুন, দ্য মর্নিং নিউজের মাওলানা নুরুল হক চকোরী, বাংলাদেশ বেতারের আজাদ মনসুর, অগ্রযাত্রার স ম ইকবাল বাহার চৌধুরী, দৈনিক আমার দেশের আনোয়ার হোসাইন এবং প্রতিদিনের বাংলাদেশের শামশুল আলম শ্রাবণ।
নতুন কমিটির মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ঐক্য, সংহতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা, আর্থিক ও মানবিক সহায়তা এবং সদস্যদের কল্যাণে সমিতি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত ও পারিবারিক সংকটে পাশে দাঁড়ানো এবং একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এ সংগঠনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।













