এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ঈদের রাতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নুরুল হক সওদাগর নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীর মুদিরদোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় ওই ব্যবসায়ীর কমপক্ষে ৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মধ্যম কোচপাড়া এলাকায় ঘটেছে এ অগ্নিকাণ্ডের ঘটনা।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুল হক মুজিব।
কাউন্সিলর মুজিবুল হক মুজিব বলেন, ঈদের দিন সারাদিন বেচাকেনা শেষে রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ী নুরুল হক সওদাগর।
এরইমধ্যে রাত আনুমানিক দুইটার দিকে দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ অবস্থায় মুহূর্তে আগুন দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে।
এতে অন্তত ৬ লাখ টাকার মালামাল সম্পুর্নরুপে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নুরুল হক সওদাগর বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ এবং পরিচিতজন থেকে হাওলাত নিয়ে দোকানে মালামাল মজুদ করি।
ঈদের আগে দুই/তিন বেচাকেনা করেছি। ঈদের দিনও বেশ ভালো বেচাকেনা হয়েছে দোকানে।
এরইমধ্যে রাতে অগ্নিকাণ্ডে দোকানের পুরো মালামাল পুড়ে গেছে। এখন নতুন করে ব্যবসা চালু করার মতো আমার সামর্থ্য নেই।
স্থানীয় জনপ্রতিনিধি মুজিবুল হক মুজিব বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
এতে আশপাশের আরও বেশকটি দোকান এবং বসতবাড়ি বড়ধরণের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।














