রবিবার ২২ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ার ঢেমুশিয়ায় প্রথমবার সাগর ফাউন্ডেশনের মেধা বৃত্তি পেল ৩০ শিক্ষার্থী

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২১ নভেম্বর ২০২৬

👁️ ১৬ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপকূলের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নে প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬’।

স্থানীয় শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, পড়ালেখায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের পৃষ্ঠপোষকতায় এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢেমুশিয়া ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে মোট ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকালে পরীক্ষা গ্রহণ, দুপুরে ফলাফল প্রকাশ এবং বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর।

এতে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফানুল কবির।

সাগর ফাউন্ডেশন ও সাগর গ্রুপের কর্ণধার এবং বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক শাহাব উদ্দিন সাগর যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি পরীক্ষার উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে বক্তব্য দেন। এ সময় তাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার আবদুল মোমেন হেলালী, বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান এবং সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ।

পরীক্ষা পরিচালনায় হল সুপারের দায়িত্ব পালন করেন ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাছরিন। সহকারী হল সুপার ছিলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগম। পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য উছমান গণি এবং বিদ্যালয়টির সহকারী শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ ও ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বেলাল উদ্দিন।

পরীক্ষা নিয়ন্ত্রক ও বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক মোহাম্মদ এরফানুল কবির জানান, ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়ালেখায় আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এ বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনটি শ্রেণি থেকে পৃথকভাবে ১০ জন করে মোট ৩০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

তিনি জানান, প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের যথাক্রমে দুই হাজার, দেড় হাজার ও এক হাজার টাকা করে নগদ অর্থ, স্কুলব্যাগ, মেডেল ও সনদ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতিটি শ্রেণিতে সাধারণ বৃত্তি হিসেবে সাতজনকে ৫০০ টাকা করে নগদ অর্থসহ একই উপহার দেওয়া হয়।

বৃত্তিপ্রাপ্ত ৩০ জনের পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া বাকি ৬০ জন শিক্ষার্থীকেও স্কুলব্যাগ, মেডেল ও সনদ প্রদান করা হয়েছে। সেরা শিক্ষার্থীকে দেওয়া হয়েছে বিশেষ ক্রেস্ট। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোকেও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ জানান, পরীক্ষার যাবতীয় ব্যয়, বৃত্তির অর্থ, পরিচালনা কমিটির সম্মানী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অতিথিদের আপ্যায়নসহ সব খরচ বহন করেছে সাগর ফাউন্ডেশন ও সাগর গ্রুপ।

পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের পরীক্ষক ও উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য জনপ্রতি নামমাত্র ৫০ টাকা শুভেচ্ছা ফি নেওয়া হলেও সেই অর্থও অংশগ্রহণকারী ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, সাগর ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জনহিতৈষী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। নিউইয়র্কে প্রতিষ্ঠানটির কার্যালয়। এটি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান সাগর গ্রুপের একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাব উদ্দিন সাগরের গ্রামের বাড়ি কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজারপাড়ায়। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করলেও জন্মভূমির মানুষের সঙ্গে সম্পর্ক অটুট রেখে বিভিন্ন সময়ে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার স্থানীয় শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছেন।

প্রধান পৃষ্ঠপোষক শাহাব উদ্দিন সাগর ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে বলেন, এক যুগের বেশি সময় ধরে প্রবাসে থাকলেও জন্মভূমির সঙ্গে তাঁর নাড়ির সম্পর্ক রয়েছে। সেই টান ও দায়বদ্ধতা থেকেই ঢেমুশিয়ার মতো একটি গ্রামীণ জনপদের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ এবং তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশায় সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথমবারের মতো এ আয়োজন ইউনিয়ন পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও মহান আল্লাহর রহমতে আগামী বছর থেকে পুরো মাতামুহুরী উপজেলায় এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। সাগর ফাউন্ডেশন যেন জন্মভূমির মানুষের পাশে থেকে শিক্ষা, মানবিকতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারে, সেটিই তাঁর প্রত্যাশা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং পড়ালেখায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত ও ধারাবাহিকভাবে এ আয়োজন অব্যাহত রাখা গেলে সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি স্থানীয় শিক্ষাক্ষেত্রে একটি অনুকরণীয় ও মডেল উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

এই বিভাগ এর আরো খবর

রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরবে কি?

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর