সোমবার ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরকন্যার কোলে বৈশাখী ঐকতান: কুতুবদিয়ায় নববর্ষ বরণ

🗓 মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

👁️ ১০৩ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

👁️ ১০৩ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম, কুতুবদিয়া :: ‎ ‎সাগরবেষ্টিত দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।

“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে দ্বীপবাসী।

‎কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এদিন সকালে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি কুতুবদিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বড়ঘোপ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

রঙ-বেরঙের ফেস্টুন, মুখোশ এবং দেশীয় ঐতিহ্যের নানা প্রতীক নিয়ে এতে অংশ নেন সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

‎‎শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনা এবং ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় লোকসংগীত, রবীন্দ্রসংগীত ও নৃত্য।

‎‎দ্বীপের বিভিন্ন স্থানে, বিশেষ করে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত কুতুবদিয়া বড়ঘোপ, বায়ুবিদ্যুৎ ও বাতিঘর সমুদ্র সৈকতেও দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

‎‎উৎসব ঘিরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

‎‎কুতুবদিয়ার সাধারণ মানুষ আশা করছেন, নতুন এই বছরটি ঘিরে দ্বীপের অবকাঠামোগত উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আসবে।

বিকেলের পড়ন্ত রোদে সমুদ্রের তীরে বসে নতুন বছরের প্রথম সূর্যাস্ত দেখার মাধ্যমে উৎসবের প্রথম দিনটি শেষ করে কুতুবদিয়াবাসী।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর