সোয়েব সাঈদ,রামু :: কক্সবাজারের রামু উপজেলায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ) সকালে উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঞ্জেখানা ঢালারমুখ আদর্শগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ইসমত হোসাইন তাকিব (২৯)।
তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার মৃত মো. মহসিনের ছেলে।
তিনি ওই এলাকায় দুবাই প্রবাসী মো. জসিম উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে যেকোনো সময় তিনি ঘরের সিলিংয়ের এঙ্গেলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তাকিব ঋণগ্রস্ত ছিলেন এবং এ কারণে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত।
ঘটনার আগের রাত আনুমানিক ১০টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে
তাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন। এরপর তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা।
নিহতের স্ত্রী রুবায়েত সারমিন মনি (২৮), ফতেখারকুল ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার আক্তারুল আলমের মেয়ে।
রামু থানার ওসি তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে তা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













