দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস লাগানো আতাউর রহমান (১৪) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু বরণ করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার ক্যাম্প-২/ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
পরদিন শনিবার (১৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আতাউর রহমান ক্যাম্প-২/ইস্টের ব্লক-ডি/৮ এলাকার বাসিন্দা ফরিদ আলমের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, ক্যাম্পে থাকা তাদের চায়ের দোকানে বাবার সঙ্গে কাজ করত আতাউর রহমান।
শুক্রবার বিকেলে তার বাবা দোকানের বাইরে থাকাকালে আতাউর দোকানের ভেতরে ছিল।
বিকেল সাড়ে চারটার দিকে তার ছোট ভাই দোকানের পেছনের কক্ষে গিয়ে তাকে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে এনজিও পরিচালিত বিডিআরসি হাসপাতালে নিয়ে যান।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
কিন্তু সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) না থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
পরবর্তীতে সেখানে আইসিইউ শয্যা না পাওয়ায় শনিবার ভোরে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের ধারণা, পড়াশোনা নিয়ে মায়ের বকাঝকার কারণে অভিমান করে আতাউর রহমান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশ।














