মোসলেহ উদ্দিন, উখিয়া :: কক্সবাজারের টেকনাফে সিএনজিচালিত অটোরিকশায় অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য ৩০ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং গ্রামের নুরুল আফসারের ছেলে মো. হুমায়ুন কবির (২২)।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান।
এ সময় চালকের আসনের নিচে বিশেষভাবে তৈরি একটি সন্দেহজনক গোপন চেম্বার দেখতে পান তাঁরা।
পরে চেম্বারটি খুলে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজি চালক হুমায়ুন কবিরকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, তিনি হ্নীলা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন।
পরে সিএনজিটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অতিরিক্ত কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
৬৪ বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তি ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করে আসছে।













