দীপন বিশ্বাস :: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ঘিরে কক্সবাজারে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস ও প্রত্যাশা।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ তালিকা ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঘোষণায় জানানো হয়, সংরক্ষিত নারী আসনের জন্য কক্সবাজার ও বান্দরবান অঞ্চল থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক পথচলায় শামীম আরা বেগম স্বপ্না নিজেকে একজন সক্রিয় ও নির্ভরযোগ্য নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
কক্সবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আক্তার চৌধুরী জানান, তিনি দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে দলীয় আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
দলীয় নেতাদের মতে, সাম্প্রতিক ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ এবং দীর্ঘদিনের সাংগঠনিক অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।
তার প্রার্থিতা ঘোষণার পর কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানানো হচ্ছে।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ফেসবুকে এক সংক্ষিপ্ত বার্তায় লেখেন, “অভিনন্দন স্বপ্না আপা”।
সব মিলিয়ে, সংরক্ষিত নারী আসনে শামীম আরা বেগম স্বপ্নার মনোনয়ন শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্তই নয়, বরং দলীয় নেতৃত্বে তার দীর্ঘদিনের ভূমিকার একটি আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।













