কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) কক্সবাজার পৌরসভা কার্যালয়ে জেলা স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার যৌথ আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আ. মান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক মো. শামীম আল ইমরান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসকের কর্মসহায়ক কমিটির সদস্যবৃন্দ, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, পৌর কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনসাধারণ।
কর্মসূচির আওতায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত) টিকাদান কার্যক্রম চলবে।
৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম টিকা প্রদান করা হবে, যা হাম প্রতিরোধে কার্যকর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিকটস্থ টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। টিকা গ্রহণের জন্য vaxepi.com ওয়েবসাইটে নিবন্ধন সম্পন্ন করতে হবে, যেখানে শিশুর জন্ম নিবন্ধন বাধ্যতামূলক।
তবে যেসব শিশুর জন্ম নিবন্ধন নেই, তাদের জন্য ম্যানুয়ালি টিকা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।













