বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
প্রথম দিনেই সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার ৫৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে সাধারণ শিক্ষায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা যায়, মোট ২২ হাজার ৬৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২২ হাজার ৩৩৬ জন। যার মধ্যে অনুপস্থিত ছিল ৩৪৪ জন।
কেন্দ্রভিত্তিক তথ্যে দেখা যায়, এসএসসি পরীক্ষায় ১৪ হাজার ৮৯৯ জনের মধ্যে অংশ নেয় ১৪ হাজার ৭৫৪ জন, অনুপস্থিত ১৪৫ জন।
দাখিলে ৬ হাজার ৪৮৬ জনের মধ্যে উপস্থিত ছিল ৬ হাজার ৩০৪ জন, অনুপস্থিত ১৮২ জন।
আর এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ১ হাজার ২৯৬ জনের মধ্যে অংশ নেয় ১ হাজার ২৭৮ জন, অনুপস্থিত ১৭ জন।
জেলার ৫৪টি কেন্দ্রের মধ্যে ৩২টি এসএসসি, ১৪টি দাখিল এবং ৮টি ভোকেশনাল কেন্দ্র রয়েছে। দিনভর এসব কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তারা কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্নপত্র ফাঁসেরও কোনো আশঙ্কা বা অভিযোগ পাওয়া যায়নি।
এদিকে বিভিন্ন ছাত্র সংগঠনের উদ্যোগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয়। অনেক কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে কলম, পেন্সিল ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে এবার প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র পরিবহনে ডিজিটাল ট্র্যাকিংসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে শিক্ষা বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয় মাঠপর্যায়ের সংশ্লিষ্টদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে।
সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। ৭ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
এছাড়া ১৮ জুনের মধ্যে সংশ্লিষ্ট সব নথিপত্র নির্ধারিত নিয়মে জমা দেওয়ার নির্দেশনা রয়েছে।















