দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর আওতাধীন পালংখালী বিওপির একটি টহল দল বাহারপাড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সঙ্গে থাকা অস্ত্র-গোলাবারুদ ফেলে দ্রুত সটকে পড়ে।
পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৫৩ রাউন্ড রাইফেলের গুলি ও ১২৯ রাউন্ড মেশিনগানের গুলি—মোট ২৮২ রাউন্ড গোলাবারুদ এবং একটি দেশীয় দা উদ্ধার করা হয়।
তবে অভিযানকালে জড়িতদের ধরতে চেষ্টা চালানো হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।













