সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যাপক অভিযান পরিচালনা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।
২৭ এপ্রিল দুপুরে পরিচালিত এ অভিযানে একাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয় এবং কয়েকটি স্থাপনা আংশিকভাবে অপসারণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন- মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা (ভূমি) অফিসের সার্ভেয়ার নোমান হোসেন, হেয়ানক ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা মিজবাহ উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ কাজে একটি এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সরকারি খাস জমি দখল করে সেখানে অস্থায়ী ও আধা-পাকা দোকান নির্মাণ করে ভাড়া ও ব্যবসা পরিচালনা করে আসছিল।
এতে করে সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল এবং সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
স্থানীয় বাসিন্দাদের একাধিক লিখিত ও মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রশাসন উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেয়।
অভিযান শুরুর আগে দখলদারদের মৌখিকভাবে সতর্ক করা হয় এবং স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়।
তবে নির্দেশনা অমান্য করায় পরবর্তীতে প্রশাসন নিজ উদ্যোগে দোকানগুলো উচ্ছেদ করে।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার বলেন-“সরকারি জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযান চলাকালে কিছু দখলদার সাময়িক অসন্তোষ প্রকাশ করলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়।
স্থানীয় সচেতন নাগরিকরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে দখলবাজদের কারণে সরকারি জমি বেহাত হচ্ছিল।
এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সরকারি সম্পত্তি রক্ষা পাবে এবং শৃঙ্খলা ফিরবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে মহেশখালীর অন্যান্য এলাকায় চিহ্নিত অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালানো হবে।













