এম জিয়াবুল হক, চকরিয়া :: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ৩ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি বিভাগের উদোগে রোপা আউশ ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে চকরিয়া উপজেলার তালিকাভুক্ত এসব প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী (কর্মকর্তা) ইউএনও শাহীন দেলোয়ার।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ ফেরদৌসী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আরিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রাসারণ অফিসার ইশরাত জাহান সুইটি, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মহিউদ্দিন ও চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ৫৫ কৃষি ব্লকের নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তারা।
চকরিয়া উপজেলা কৃষি বিভাগের উপসহকারী (হিসাব ও উন্নয়ন) মোঃ আরিফুল ইসলাম জানান, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলার ১৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এলাকার তিন হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ আনুষ্ঠানিক শুরু করা হয়েছে।
চকরিয়া উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী বলেন, আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে উপজেলার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি প্রনোদনা হিসেবে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হচ্ছে।
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকার ব্লকভিত্তিক উপকারভোগী কৃষকের মাঝে এ সুবিধা বিতরণ করা হবে।
তিনি বলেন, প্রতিজন কৃষককে ৫ কেজি হাইব্রিড জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ দেওয়া হচ্ছে।














