সংবাদ বিজ্ঞপ্তি :: যুদ্ধবিধ্বস্ত গাজায় জরুরি স্বাস্থ্যসেবার চাহিদা মোকাবিলায় রাফাহতে পরিচালিত রেড ক্রস ফিল্ড হাসপাতালের সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (ICRC)।
হাসপাতালটির সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সামগ্রী সফলভাবে গাজায় প্রবেশ করানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
দুই বছর আগে চালু হওয়া এই ফিল্ড হাসপাতালটি বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলে কার্যকর থাকা অল্প কয়েকটি স্বাস্থ্যসেবা কেন্দ্রের অন্যতম। প্রতিদিন বিপুল সংখ্যক আহত ও অসুস্থ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে হাসপাতালটি।
ICRC-এর ইসরায়েল ও অধিকৃত অঞ্চলবিষয়ক প্রধান প্রতিনিধি জুলিয়েন লেরিসোঁ বলেন, “রাফাহ ফিল্ড হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করানো নিঃসন্দেহে ইতিবাচক অগ্রগতি। তবে একটি মাত্র ফিল্ড হাসপাতাল দিয়ে গাজার বিশাল স্বাস্থ্যসেবা সংকট মোকাবিলা সম্ভব নয়।”
হাসপাতালটি ১৬টি জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।
এতে নেতৃত্ব দিচ্ছে নরওয়েজিয়ান রেড ক্রস। পাশাপাশি প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা অ্যাম্বুলেন্স ও মনোসামাজিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।
নতুন উন্নয়ন কাজের ফলে হাসপাতালের শয্যা সংখ্যা ৬০ থেকে বেড়ে ৭২-এ উন্নীত হয়েছে।

এছাড়া যুক্ত হয়েছে আধুনিক অপারেশন থিয়েটার, উন্নত জরুরি বিভাগ, নবায়ন করা মাতৃ ও শিশু সেবা ইউনিট এবং অস্ত্রোপচারের পর উন্নত পরিচর্যা সুবিধা। ওয়ার্ডে রোগীর চাপ কমিয়ে আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
২০২৪ সালের মে মাসে চালুর পর থেকে হাসপাতালটি ১১ হাজার ৩০০টির বেশি অস্ত্রোপচার, আড়াই লাখের বেশি চিকিৎসা পরামর্শ, ১ হাজার ২০০টি প্রসব, ১৯ হাজার ২০০টি ফিজিওথেরাপি সেশন এবং দেড় হাজারের বেশি রক্ত সঞ্চালন কার্যক্রম সম্পন্ন করেছে।
জুলিয়েন লেরিসোঁ বলেন, “ফিল্ড হাসপাতাল সাধারণত অস্থায়ী ব্যবস্থার জন্য তৈরি করা হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে এই হাসপাতাল চালু রাখতে হওয়া গাজার ভয়াবহ স্বাস্থ্য সংকটের বাস্তব চিত্র তুলে ধরে।”
তিনি আরও জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার প্রায় সব হাসপাতাল ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
স্বাস্থ্যখাতে টেকসই পানি, বিদ্যুৎ, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও আধুনিক যন্ত্রপাতির তীব্র সংকট দেখা দিয়েছে। এখনও বহু প্রয়োজনীয় সামগ্রী গাজায় প্রবেশের অনুমতি পাচ্ছে না।
ICRC বলছে, গাজার মানুষের শুধু চিকিৎসা সহায়তাই নয়, প্রয়োজন নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থা, ধ্বংসস্তূপ অপসারণে ভারী যন্ত্রপাতি, নিহতদের শনাক্তে ফরেনসিক সহায়তা এবং আটক স্বজনদের খোঁজ জানার সুযোগ।
লেরিসোঁর ভাষায়, “ফিল্ড হাসপাতালের এই উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও গাজার মানুষের মানবিক সংকট মোকাবিলায় আরও বিস্তৃত সহায়তা জরুরি। মানুষের মর্যাদা রক্ষা করেই কেবল পুনরুদ্ধারের পথ তৈরি করা সম্ভব।”















