শনিবার ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকট ও নিরাপত্তা ইস্যুতে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ৩২ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৩ মে ২০২৬

👁️ ৩২ বার দেখা হয়েছে

কক্সবাংলা রিপোর্ট :: বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়েছেন।

শনিবার (২৩ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, রোহিঙ্গা সংকট নিরসন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ বৃদ্ধি, টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) বাস্তবায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুরু থেকেই জাতিসংঘ রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

তিনি বলেন, “বাংলাদেশ শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও টেকসই অভিবাসনে বিশ্বাসী। তবে রোহিঙ্গা সংকট বর্তমানে একটি জটিল ও স্পর্শকাতর বিষয়ে পরিণত হয়েছে, যা জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ।”

তিনি আরও বলেন, এ মানবিক ও নিরাপত্তাজনিত সংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে বাংলাদেশের জন্য আরও ব্যাপক আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক তহবিল প্রয়োজন।

বর্তমানে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে উল্লেখ করেন তিনি।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনাইক রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের মানবিক সহমর্মিতা ও উদারতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের এ মানবিক ভূমিকা গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি আরও বলেন, বিপুল সংখ্যক শরণার্থীর দীর্ঘমেয়াদি চাপ এককভাবে বাংলাদেশের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর মনোযোগ, চাপ ও দৃশ্যমান সমর্থন জরুরি।

বৈঠকের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় জাতিসংঘের যেকোনো উদ্যোগে বাংলাদেশ সবসময় সহযোগিতা অব্যাহত রাখবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে বাংলাদেশে দায়িত্ব পালনের জন্য স্বাগত জানান। এসময় আবাসিক সমন্বয়কারীও স্বরাষ্ট্রমন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের হেড অব অফিস লুইস বারবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান এবং রাজনৈতিক-১ শাখার উপসচিব বেগম মিনারা নাজমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর