মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কের পাশে বিকল চাকা মেরামতের সময় একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় মো. নয়ন উদ্দিন (২১) নামে এক নছিমন (ট্রলি) চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) ভোররাতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট আইডিয়াল স্কুল সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন উদ্দিন কক্সবাজার সদরের লারপাড়া এলাকার মো. হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশের ভাষ্য, নয়ন শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে রড বোঝাই করে কক্সবাজার থেকে বদরখালীর উদ্দেশ্যে রওনা দেন।
পথে মালুমঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির ডান পাশের চাকা ফেটে যায়। পরে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িটি মেরামতের কাজ করছিলেন।
এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নয়ন।
দুর্ঘটনার খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশের দাবি, দুর্ঘটনার পর ঘাতক ডাম্পারটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান বলেছেন, “ভোররাত আনুমানিক ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে নছিমনটি উদ্ধার করা হয়েছে।
ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













