এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুইজন অনলাইন জুয়ারি, ডাকাতির প্রস্তুতিকালে একজন, মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে চকরিয়া থানার ওসি মোহাম্মদ মনির হোসেন ও পুলিশ পরিদর্শক তদন্ত নুর আলম মাছুম সিদ্দিকীর নেতৃত্বে থানা পুলিশের বিভিন্ন টিম শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানে অনলাইন জুয়া আইনের মামলায় ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ১ জন, পরোয়ানাভুক্ত ৪ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আবদুল আজিজ (২৬), হেলাল উদ্দিন (২২), সরওয়ার আলম (৪০), আনিছুর রহমান (২৮), আব্দুল কুদ্দুস (৩৮), জাফর আলম (৪৪), আবুল হাসেম (৩২), জাহিদ হাসান (২৫) ও রবিউল হাসান (২৬)।
পুলিশ জানায়, চকরিয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার অংশ হিসেবে পুলিশ সদস্যরা সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, অনলাইন জুয়াড়ি, মৎস্য ঘের দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেদের গ্রেফতারে নিয়মিতভাবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন , গ্রেফতারকৃত এসব আসামিকে রোববার দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে।
তিনি বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।













