সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতারবাড়ীতে গ্রাম পুলিশে ১৭ বছর দায়িত্ব পালন শেষে পদোন্নতি

🗓 রবিবার, ০৭ জুন ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৭ জুন ২০২৬

👁️ ২৫ বার দেখা হয়েছে

মোঃ রমজান আলী, মহেশখালী :: মাতারবাড়ী ইউনিয়নের দফাদার মো. আবুল হাসেম তাঁর চাকরি জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অতিক্রম করেছেন। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও জনগণের সেবার অঙ্গীকার নিয়ে তিনি দফাদার পদে দায়িত্ব পালনের ৫ বছর পূর্ণ করে ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছেন।

শনিবার (৬ জুন) গনমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বিষয়টি তুলে ধরেন।

জানা যায়, মো. আবুল হাসেম উত্তর সিকদারপাড়া গ্রামের মরহুম আলী হোছাইন চৌকিদারের পুত্র।

পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি ২০০৪ সালের ১১ মে অস্থায়ীভাবে গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে চাকরিজীবন শুরু করেন। পরে ২০০৫ সালের ১ ডিসেম্বর সরাসরি গ্রাম পুলিশ হিসেবে যোগদান করেন।

দীর্ঘ প্রায় ১৭ বছর সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২১ সালের ৬ জুন তিনি দফাদার পদে পদোন্নতি লাভ করেন। এরপর থেকে জনগণের সেবা, আইনশৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

দফাদার হিসেবে দায়িত্ব পালনের ৫ বছর পূর্তি উপলক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি ১ নম্বর মাতারবাড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

চাকরি জীবনের প্রতিটি ধাপে আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া আমাকে অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ চাকরি জীবনে সহকর্মীদের সহযোগিতা ছিল অসাধারণ। তাদের সহযোগিতা ছাড়া দায়িত্ব পালন করা অনেক কঠিন হতো। আমি চেষ্টা করেছি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে।”

নিজের কর্মজীবনের মূল্যায়ন করতে গিয়ে আবুল হাসেম বলেন, “মানুষের সেবা করতে গিয়ে যদি কখনও কোনো ভুল করে থাকি কিংবা কোনোভাবে কারও মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে এলাকার সন্তান, ভাই ও ভাতিজা হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন।

আমি সবার কাছে দোয়া চাই, যাতে ভবিষ্যতেও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারি এবং মানুষের পাশে থাকতে পারি।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালনের মাধ্যমে আবুল হাসেম সাধারণ মানুষের কাছে পরিচিত মুখে পরিণত হয়েছেন। কর্মজীবনের এই নতুন অধ্যায়ে পদার্পণের প্রাক্কালে তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন অনেকেই।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে গ্রাম পুলিশ ও দফাদার হিসেবে দায়িত্ব পালন করে আসা আবুল হাসেমের এই কর্মজীবনের মাইলফলক স্থানীয়দের মাঝেও আলোচনার জন্ম দিয়েছে। জনগণের সেবা ও দায়িত্বশীলতার ধারাবাহিকতা বজায় রেখে তিনি আগামী দিনগুলোতেও কাজ করে যাবেন বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর