হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের চকরিয়া থানায় দায়ের করা মানবপাচার মামলার পাঁচজন অপহৃত শিশু-কিশোরকে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
সোমবার (৮ জুন) চকরিয়া থানায় একটি মানবপাচার মামলা রুজু হওয়ার পর মামলার তথ্য ও অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে টেকনাফ মডেল থানা পুলিশ।
পরে পুলিশের একটি বিশেষ অভিযানিক দল টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মামলার পাঁচজন অপহৃত শিশু-কিশোরকে নিরাপদে উদ্ধার করা হয়।
মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তাদের উদ্ধার করতে সক্ষম হওয়ায় পুলিশের তৎপরতা প্রশংসিত হয়েছে।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশু-কিশোরদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মানবপাচার ও অপহরণের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অপরাধীদের আইনের আওতায় আনতে সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।













