নজরুল ইসলাম, কুতুবদিয়া :: কক্সবাজার জেলা পরিষদের উদ্যোগে ভারতে আটককৃত মৎস্যজীবীদের পরিবার-পরিজন এবং অসহায়, গরীব, অসুস্থ ও দুঃস্থ মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল ৩টায় কুতুবদিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম. মোবারক হোসাইন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম এ সালাম কুতুবী এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, সমুদ্রে জীবিকার তাগিদে মাছ ধরতে যাওয়া জেলেরা নানা প্রতিকূলতার সম্মুখীন হন।
ভারতে আটক থাকা জেলেদের পরিবার দীর্ঘদিন ধরে মানবিক ও অর্থনৈতিক সংকটে রয়েছে। তাদের পাশে দাঁড়ানো জেলা পরিষদের একটি মানবিক উদ্যোগ। একই সঙ্গে অসহায়, গরীব, অসুস্থ ও দুঃস্থ মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। সরকারি ও স্থানীয় পর্যায়ের সমন্বিত উদ্যোগে মানবিক সহায়তা কার্যক্রম আরও সম্প্রসারিত করা প্রয়োজন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ভারতে আটককৃত মৎস্যজীবীদের পরিবার-পরিজন এবং অসহায়, গরীব, অসুস্থ ও দুঃস্থ উপকারভোগীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন। অনুষ্ঠানে উপকারভোগীরা এ সহায়তার জন্য জেলা পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।













