বুধবার ৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্সেনালে যোগ দিতে রাজি ভিনি

🗓 রবিবার, ০২ আগস্ট ২০২৬

👁️ ৩০ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০২ আগস্ট ২০২৬

👁️ ৩০ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় এখনো সমঝোতা হয়নি ভিনিসিউস জুনিয়রের।

এই অচলাবস্থার মধ্যেই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াতে আগ্রহী প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, রিয়ালের সঙ্গে আলোচনা ভেস্তে গেলে লন্ডনের ক্লাবটিতে যোগ দিতে প্রস্তুত আছেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার।

তবে আর্সেনাল এখনো ভিনিসিউসের প্রথম পছন্দ নয়। তার প্রধান লক্ষ্য রিয়াল মাদ্রিদেই থাকা। সেই লক্ষ্যেই চুক্তি নবায়নের আলোচনা এগিয়ে নিতে নিজের কিছু আর্থিক দাবিও কমাতে রাজি হয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ ভিনিসিউসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বর্তমান প্রস্তাবের বাইরে আর কোনো উন্নত আর্থিক অফার দেওয়া হবে না।

দুই পক্ষই চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহী হলেও নির্দিষ্ট কয়েকটি আর্থিক বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

মূল জটিলতা মাসিক বেতন নয়। বরং চুক্তি নবায়নের সময় এককালীন বোনাস নিয়ে। রিয়াল ঐতিহ্যগতভাবে এমন বোনাস দিতে অনাগ্রহী।

কিন্তু পিএসজি থেকে যোগ দেওয়ার সময় কিলিয়ান এমবাপ্পে যে বড় অঙ্কের সাইনিং বোনাস পেয়েছিলেন, ভিনিও প্রায় একই ধরনের একটি আর্থিক প্যাকেজ প্রত্যাশা করছেন।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ভিনিকে দলের ভবিষ্যৎ হিসেবে দেখেন।

অন্যদিকে ভিনি বহুবার প্রকাশ্যে জানিয়েছেন, তিনি সান্তিয়াগো বার্নাব্যুতেই ক্যারিয়ার চালিয়ে যেতে চান। সে কারণেই আলোচনা সফল করতে নিজের অবস্থান কিছুটা নমনীয় করার ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে শেষ পর্যন্ত সমঝোতা না হলে পুরো সুবিধা নিতে প্রস্তুত আর্সেনাল।

ক্লাবটি প্রয়োজন হলে নিজেদের প্রচলিত বেতন কাঠামো ভেঙেও ভিনিসিউসকে দলে টানতে রাজি। গানার্সদের বিশ্বাস, তার মতো একজন বিশ্বমানের ফুটবলার দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবেন।

স্প্যানিশ দৈনিক এএস এর তথ্য অনুযায়ী, বর্তমানে ভিনিসিউসের ইমেজ রাইটসের ৫০ শতাংশ রিয়াল মাদ্রিদের নিয়ন্ত্রণে রয়েছে।

আর্সেনাল যদি বড় অঙ্কের সাইনিং বোনাসের পাশাপাশি ইমেজ রাইটসের আরও বড় অংশ ভিনিসিউসকে দেওয়ার প্রস্তাব দেয়, তাহলে তাদের আর্থিক প্যাকেজ রিয়ালের প্রস্তাবের চেয়ে আকর্ষণীয় হয়ে উঠতে পারে।

তবে দলবদলের সম্ভাবনা এখনো পুরোপুরি রিয়ালের অবস্থানের ওপর নির্ভর করছে। আলোচনায় সমাধান এলে ভিনিসিউসের বার্নাব্যুতেই থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর সমঝোতা ভেঙে গেলেই কেবল আর্সেনালের প্রস্তাব বাস্তব রূপ নিতে পারে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর