নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়ায় ৫২ পিস ইয়াবাসহ আবদুল্লাহ (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মওলার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আবদুল্লাহ ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল্লাহ দীর্ঘদিন ধরে মগনামা লঞ্চঘাট স্টেশন এলাকায় চনা-মুড়ি বিক্রির আড়ালে গোপনে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা-পুলিশের একটি দল মওলার পাড়ায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি (তদন্ত) মো. ইমরুল হাসান জানান, ৫২ পিস ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।














