হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রবিবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে নৌবাহিনী সূত্রে জানা গেছে।
প্রাপ্ত গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত সোয়াডস ফোর্সসহ দুটি পৃথক আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম. দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে ২টি জি-৩ রাইফেল, ১টি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।
একই সঙ্গে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা প্রায় ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, টেকনাফসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদারসহ তারা কঠোর অবস্থানে কাজ করে যাচ্ছে।













