মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের চকরিয়ায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এমআর নিহত

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

মুকুল কান্তি দাশ, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় এ ঘটনা ঘটে।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মো. মিজানুর রহমান চট্টগ্রামের দোহাজারী পৌরসভার বাসিন্দা এবং চন্দনাইশে পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসির একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার (ওসি) আরিফুল আমিন বলেন, সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকায় কক্সবাজারমুখী একটি মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি পূরবী পরিবহন সার্ভিসের একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে এক আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই চালক বাসটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি জব্দ করেছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, নিহতের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর