মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত কুতুপালং বাজারে যানজট নিরসনে ফের উচ্ছেদ অভিযান

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৪৮ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৫ মে ২০২৬

👁️ ৪৮ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা অধ্যুষিত কুতুপালং বাজারে দীর্ঘদিনের যানজট নিরসনে ফের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এ অভিযান চালানো হয়।

রবিবার (৪ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা।

অভিযানের অংশ হিসেবে বাজারের রাস্তার দুই পাশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উখিয়া থানার পুলিশ, হাইওয়ে পুলিশ, স্কাউট সদস্য, রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান, বাজার ব্যবস্থাপনা কমিটি এবং স্থানীয় জনগণ সহযোগিতা করেন।

উখিয়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা জানান, উচ্ছেদ-পরবর্তী সময়ে যাতে পুনরায় অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সে জন্য বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে সৃষ্ট যানজট সাধারণ মানুষের ভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

অসাধু ব্যবসায়ী ও জনসচেতনতার অভাব এ সমস্যাকে আরও জটিল করেছে। তাই স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা এ অভিযানের উদ্দেশ্য নয়; বরং যানজট নিরসনের মাধ্যমে জনদুর্ভোগ কমানোই মূল লক্ষ্য।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা বলেন, সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে বাজারে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং বাজারে শৃঙ্খলা বজায় থাকলে ভবিষ্যতে এ ধরনের অভিযান প্রয়োজন হবে না বলেও জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর