নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে রকিবা জান্নাত মুন্নী (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
তিনি উজানটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের টেকপাড়া এলাকার বাসিন্দা ছাদেক আহমেদের স্ত্রী।
মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন আলমগীর বলেন, সকাল থেকে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছিল।
হঠাৎ বজ্রপাতটি টিনশেড বাড়ির কর্ণারে আঘাত হানে।
এতে ঘরের চাল ফুটো হয়ে বজ্রের আঘাত বারান্দায় এসে পড়ে।
ঘটনাস্থলেই গুরুতর আহত হন মুন্নী।
এসময় মুন্নি পরিবারের সদস্যদের সঙ্গে ঘরের বারান্দায় বসে গল্প করছিলেন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন,গত এক বছর আগে মুন্নির সাথে ছাদেক আহমদের বিয়ে হয়েছিল।
তাঁর বাবার বাড়ি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।














