আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি ::নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল জুমখোলা এলাকার বুবু মার্মা (৩৫) নামের এক নারীর বসতঘরে অভিযান পরিচালনা করে।
এ সময় ঘরের ভেতরে থাকা একটি ছোট গোপন কক্ষ থেকে তিন কাট (৩০ হাজার পিস) ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাসিন্দা বুবু মার্মা পালিয়ে যান।
তিনি জুমখোলা এলাকার মৃত প্রু অং মার্মা ও খ্যাইংচিং মার্মার মেয়ে। অভিযানের সময় তাকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার করা মাদক ও অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পলাতক বুবু মার্মাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।













