হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী আদর্শগ্রাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শতাধিক আইইডি (Improvised Explosive Device) বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক ও সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক এবং ২৫৪ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় মালামাল পরিবহনে ব্যবহৃত দুটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)।
বিজিবি সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর দিবাগত রাত ১০টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বটতলী থেকে পর্যটন এলাকার আদর্শগ্রাম হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের একটি বড় চালান পরিবহন করা হবে।
এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর পরিকল্পনা ও নির্দেশনায় আদর্শগ্রামসহ টেকনাফের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা রাস্তা দিয়ে আসা সন্দেহভাজন দুটি ইজিবাইককে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা।
এ সময় ইজিবাইকের চালকেরা জানান, বহন করা মালামালের মালিক সামনে থাকা একটি মোটরসাইকেলের আরোহীরা।
পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদের জন্য এগিয়ে গেলে তাঁরা পালানোর চেষ্টা করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি টহলদল শর্টগান দিয়ে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে মোটরসাইকেলটি ফেলে আরোহীরা রাতের অন্ধকারে পালিয়ে যান।
পরবর্তীতে জব্দ করা দুটি ইজিবাইক ব্যাটালিয়ন সদরে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বস্তার ভেতরে থাকা প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—শতাধিক আইইডি বোমা তৈরির ধাতব কৌটা, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, ৩ কেজি ৭০৯ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক, ৩ কেজি ১৭২ গ্রাম গান পাউডার, ১ কেজি ৮৫২ গ্রাম মোটা দানার বিস্ফোরক, ২ কেজি ৭০৮ গ্রাম মাঝারি দানার বিস্ফোরক, ২ কেজি ৪৯ গ্রাম মিহি দানার বিস্ফোরক, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের ছোট বল, আট কয়েল বৈদ্যুতিক তার, এক সেট উন্নতমানের টুল বক্স, ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স, ৩ কেজি পেরেক এবং ২৪টি স্কচটেপ।
বিজিবি জানায়, আটক দুই ব্যক্তি, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য ও আইইডি তৈরির সরঞ্জাম এবং জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।













