কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test—PET) সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) কক্সবাজার পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার (পুরুষ) ও ১ হাজার মিটার (নারী) দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান পিপিএম (সেবা)-এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অত্যন্ত সতর্কতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে তৃতীয় দিনের বাছাই কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় বাংলাদেশ পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের জালিয়াতি ও অনিয়ম প্রতিরোধে প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এর অংশ হিসেবে পরীক্ষায় উত্তীর্ণ ও যোগ্য প্রার্থীদের ছবি ফেইস ডিটেকশন (Face Detection) ক্যামেরার মাধ্যমে সংরক্ষণ করা হয়।
ফলে প্রকৃত প্রার্থীর পরিবর্তে অন্য কারও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিন দিনের বাছাই কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, টিআরসি নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে।
এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব কিংবা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই।
তিনি কনস্টেবল পদে চাকরিপ্রত্যাশীদের দালাল, প্রতারক ও অসাধু চক্রের প্রলোভন থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
পাশাপাশি নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যোগ্যতা ও মেধার ভিত্তিতে একটি দক্ষ, যোগ্য ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে নিয়োগের প্রতিটি ধাপ নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা হচ্ছে।













