হেলাল উদ্দিন, টেকনাফ :: সেন্টমার্টিন থেকে টেকনাফ যাওয়ার পথে যাত্রীবাহী একটি স্পিডবোট ডুবে মা–মেয়ের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরের দিকে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের উত্তরে ঘোলারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার শিশুকন্যা মাহিমা আক্তার।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার পরিদর্শক আবু জায়েদ মো. নূর।
তিনি বলেন, “ডুবে যাওয়া স্পিডবোট থেকে উদ্ধারকৃত মা–মেয়েকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
দ্বীপের এক বাসিন্দা জানায়, সকাল ১০টার দিকে সেন্টমার্টিন থেকে ১০ জন যাত্রী নিয়ে দুটি স্পিডবোট টেকনাফের উদ্দেশে রওনা হয়।
ঘোলারচর এলাকায় পৌঁছালে হঠাৎ ঢেউয়ের তীব্রতায় একটি বোট ডুবে যায়।
পরে অপর স্পিডবোটটি ডুবে যাওয়া যাত্রীদের উদ্ধার করে শাহপরীর দ্বীপে নিয়ে যায়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আলভী বলেন, হাসপাতালে ৪ জনকে নিয়ে নিয়ে আসা হয় ১২টার দিকে। হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত নুফাইদা (৬) ও মাহামুদা (৯) নামে দুই শিশু আশঙ্কামুক্ত।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধির দাবি, স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনা ঘটে।













