হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে ৬ জন কৃষক অপহরণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে কৃষিকাজে যাওয়ার সময় পাহাড়ি অস্ত্রধারী একটি সশস্ত্র দল তাদের জিম্মি করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
অপহৃতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের মতো ভোরে কৃষিক্ষেতে কাজ করতে যাওয়ার সময় পাহাড়ি ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে ছয়জন কৃষককে জিম্মি করে অপহরণ করে।
ঘটনার পর থেকে এখন পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোনো মুক্তিপণের দাবি জানানো হয়নি।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) এসআই খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, “হোয়াইক্যং মিনাবাজার আশ্রয়ণ কেন্দ্র এলাকার ৬ জন কৃষক পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গেলে অপহরণের শিকার হয়েছেন—এমন অভিযোগ পেয়েছি।
আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে।”
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনি সময়কে কেন্দ্র করে প্রশাসনের ব্যস্ততার সুযোগে পাহাড়ি সশস্ত্র অপহরণ চক্র আবারও বেপরোয়া হয়ে উঠেছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের নজরদারি দুর্বল হলে পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষ একের পর এক অপহরণের শিকার হয়ে মুক্তিপণ দিতে বাধ্য হবে।
দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে অপহরণকারীদের হাতে প্রাণ হারানোর আশঙ্কাও রয়েছে।
অপহৃত কৃষকরা হলেন—
১) মো. জমির (৬২), পিতা: মৃত সুলতান ফকির
২) শফি আলম (১৩), পিতা: রবিউল আলম
৩) মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), পিতা: এজাহার হোসেন
৪) জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), পিতা: মৃত শামসুল আলম
— এ চারজনের বাড়ি ঝিমংখালী, মিনাবাজার, টেকপাড়া, ওয়ার্ড নং-০৬ এলাকায়।
এছাড়া, ৫) মোজাহের (৬০), পিতা: অজ্ঞাত
৬) মোস্তাক (১২), পিতা: অজ্ঞাত
— তাদের বাড়ি ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্প, ওয়ার্ড নং-০৬ এলাকায়।
অপহৃতদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এলাকাবাসী পাহাড়ি সন্ত্রাসীদের দমনে প্রশাসনের জরুরি ও জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।














