কক্সবাংলা ডটকম :: মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে হোয়াইট হাউজে রাজকীয় সংবর্ধনা পেল ইন্টার মায়ামি।
কিন্তু সব আলো কেড়ে নিলেন একজনই—লিওনেল মেসি।
ট্রফি জয়ের উৎসবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়ে এক অদ্ভুত অভিজ্ঞতার শিকার হলেন আর্জেন্টাইন জাদুকর।
ফুটবল ইতিহাসের চিরকালীন বিতর্ক ‘পেলে না কি মেসি সেরা’—এই প্রশ্নটিই সরাসরি মেসির দিকে ছুঁড়ে দিলেন ট্রাম্প।
কথোপকথনের এক পর্যায়ে ট্রাম্প হঠাৎ পেলের প্রসঙ্গ টেনে আনেন।
তিনি বলেন, ‘আমার হয়তো এটা বলা উচিত নয় কারণ মানুষ বলবে আমি বুড়ো হয়ে গেছি, কিন্তু আমি পেলেকে খেলতে দেখেছি।‘
এরপর সরাসরি মেসির দিকে তাকিয়ে তিনি যোগ করেন, ‘পেলে দারুণ ছিলেন। কিন্তু আপনাদের মধ্যে সেরা কে? তুমি?
আমার তো মনে হয় তুমিই সেরা… তবে তিনিও খুব ভালো ছিলেন, তাই না?’
হঠাৎ এমন এক তুলনা শুনে মেসি কিছুটা থতমত খেয়ে যান।
ট্রাম্প যখন তাকে পেলের চেয়েও সেরা হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন, তখন মেসি মুখে একটি মার্জিত হাসি ধরে রাখলেও তাকে কিছুটা অপ্রস্তুত দেখাচ্ছিল।
ফুটবলের এই মহাতারকাকে ট্রাম্পের মুখে নিজের প্রশংসা শুনতে হবে তা হয়তো তিনি ভাবেননি।
কেবল তুলনা করেই ক্ষান্ত হননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মেসির সাফল্যের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
ট্রাম্প মেসিকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি এখানে এলে এবং চ্যাম্পিয়ন হলে—এটি অত্যন্ত কঠিন এবং বিরল একটি বিষয়।
তুমি অনেক বেশি চাপ সামলেছ যা মানুষ কল্পনাও করতে পারবে না, কারণ সবাই তোমার কাছে জয় প্রত্যাশা করেছিল।‘














