নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কুতুবদিয়ায় জাতীয়তাবাদীদল বিএনপির সংসদ সদস্য (এমপি) আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ঐচ্ছিক তহবিল হতে বরাদ্দকৃত সুবিধাভোগীদের তালিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
বিষয়টি নিয়ে দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে অভিযোগ করেন, সুবিধাভোগীর তালিকায় আওয়ামী ফ্যাসিস্টদের সহযোগীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
পোস্টটি মুহুর্তেই ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
পোস্টে তিনি দাবি করেন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু ওমরসহ আওয়ামী লীগের সহযোগী হিসেবে পরিচিত কয়েকজনের নাম তালিকায় রয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, কীভাবে এসব ব্যক্তির নাম জাতীয়তাবাদী দলের সুবিধাভোগীর তালিকায় অন্তর্ভুক্ত হলো এবং কার মাধ্যমে তালিকাটি এমপির কাছে পৌঁছেছে।
এছাড়া তিনি এমপির উদ্দেশ্যে লিখেন, নির্বাচনের সময় দলের ত্যাগী নেতাকর্মীরা দিন-রাত পরিশ্রম করলেও এখন সুবিধা পাচ্ছেন অন্যরা। বিষয়টি খোলাসা করারও দাবি জানান তিনি।
এদিকে সামাজিক মাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা অভিযুক্তদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।













