কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) কক্সবাজার পুলিশ লাইন্সের রিজার্ভ অফিসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের তত্ত্বাবধানে সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া নিয়োগ কার্যক্রমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন।
পুরো প্রক্রিয়াটি কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালিত হয়।
নিয়োগ কার্যক্রম শেষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়।
এতে মোট ৪৩ জন প্রার্থী কৃতকার্য হয়ে চূড়ান্তভাবে নির্বাচিত হন।
এর মধ্যে ৪২ জন পুরুষ ও ১ জন নারী কনস্টেবল রয়েছেন।
পরে উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান।
এ সময় দিকনির্দেশনামূলক বক্তব্যে পুলিশ সুপার বলেন, কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন বা ঘুষ ছাড়াই শুধুমাত্র শারীরিক সক্ষমতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়েছে।
যোগ্য ও মেধাবী প্রার্থীরাই পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি আরও বলেন, “যারা আজ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন, তাদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে।”
একইসঙ্গে যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে ভবিষ্যতে আরও ভালো প্রস্তুতি নিয়ে পুনরায় চেষ্টা করার আহ্বান জানান তিনি।













