মঙ্গলবার ১৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট টেস্ট জয়ের পথে বাংলাদেশ : হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান

🗓 সোমবার, ১৮ মে ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৮ মে ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: সিলেট টেস্টের তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ঢাকা টেস্টে ১০৪ রানে পরাজিত পাকিস্তান সিলেটে আরও বড় পরাজয়ের মুখে।

পাকিস্তানের সামনে জয়ের জন্য ৪৩৭ রানের বিশাল টার্গেট দিয়েছে টিম টাইগার।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিকুর রহিম, যা দেশের হয়ে সর্বোচ্চ। জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে পাকিস্তানকে।

২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, যা ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

ম্যাচ ড্র করতে হলেও আরও দুই দিন ব্যাট করতে হবে পাকিস্তানকে। আগামী দুই দিন নিশ্চয়ই বৃষ্টির জন্য প্রার্থনা করবে অতিথিরা।

২৬.৪ ওভারে ৩ উইকেটে ১১০ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

তৃতীয় দিন সকালে আর পাঁচ রান যোগ করেই খুররম শেহজাদের বলে এলবিডব্লিউ হয়ে যান ৪৬ বলে ১৫ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এরপর লিটন দাসের সঙ্গে পঞ্চম উইকেটে ১৮৮ বলে ১২৩ রানের দারুণ এক জুটি গড়েন মুশফিক। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন এদিনও তিন অঙ্কের পথে ছুটছিলেন।

৫৫ রানে একবার জীবন পেয়েও ৬৯ রানে হাসান আলীর বলে ক্যাচ দিয়ে আউট হয়ে যান।

তবে মুশফিক ভুল করেননি। প্রথম ইনিংসে টেইল এন্ডারদের নিয়ে লিটন দাস যে লড়াইটা করেছিলেন, এদিন মুশফিককে নামতে হয় সেই লড়াইয়ে। তুলে নেন সেঞ্চুরি।

তাইজুলকে সঙ্গী করে আব্বাসকে বাউন্ডারি মেরে ১৭৮ বলে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে নেন, যা টেস্টে বাংলাদেশের হয়ে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড।

১৩ সেঞ্চুরি নিয়ে দুইয়ে নেমে গেলেন মুমিনুল হক। তিনে আছেন তামিম ইকবাল (১০), চারে নাজমুল হোসেন শান্ত (৯) এবং পাঁচে লিটন দাস (৬)।

এই ইনিংস খেলার পথে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক পেরিয়ে যান মুশফিক।

২১ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুশফিক তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। মিরাজ এবারও রান পাননি। আউট হয়েছেন ১৯ রানে।

তবে মুশফিককে দারুণ সঙ্গ দিয়েছেন ৫১ বলে ২২ রান করা তাইজুল ইসলাম। সপ্তম উইকেটে দুজনে গড়েছেন ৭৭ রানের জুটি।

শেষ পর্যন্ত মুশফিক ২৩৩ বলে ১২ চার ১ ছক্কায় ১৩৭ রানে থামেন। বাংলাদেশ অলআউট হয় ৩৯০ রানে। পাকিস্তানের সামনে জয়ের জন্য টার্গেট ৪৩৭ রান।

দিনের শেষবেলায় পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল। দুই ওভার ব্যাট করে কোনো রান তুলতে পারেনি। আলো কমে আসায় দিনের খেলার সমাপ্তি টানা হয়।

টেস্টে পাকিস্তান সর্বোচ্চ ৩৭৭ রান তাড়া করে জিতেছিল ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে।

বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০২১ সালে চট্টগ্রামে তারা ৩৯৫ রান তাড়া করে জিতেছিল।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর