এম.জিয়াবুল হক,চকরিয়া :: চকরিয়া উপজেলার দুর্গম বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে লিচুর বিচি গলায় আটকে গিয়ে ওয়াসেনাত নামের এক বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুর আড়াইটার দিকে নিজবাড়িতে ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটি স্থানীয় গ্রাম্য চিকিৎসক আবু নোমান ওসমানীর স্নেহের ছোট সন্তান। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবারের বরাত দিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা ও লামা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক বেলাল আহমদ।
তিনি বলেন, সোমবার দুপুরে বাড়িতে একটি লিচু খাওয়ার সময় অসাবধানতাবশতঃ লিচুর বিচি শিশুর গলায় আটকে যায়।
পরে পরিবার সদস্যরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাংবাদিক বেলাল আহমদ বলেন, সোমবার রাত ৯টায় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হবে।












