কক্সবাংলা ডটকম :: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সালমান খান। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে রাজত্ব করছেন।
তাই ৬০ বছর বয়সেও বলিউডের ভাইজান Salman Khan আবারও প্রমাণ করলেন বয়স কেবল একটি সংখ্যা মাত্র।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শার্টহীন একটি ছবি প্রকাশ করে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন তিনি।
৬০ বছর বয়সেও তার সুঠাম, পেশিবহুল শরীর আর আত্মবিশ্বাসী উপস্থিতি দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।
ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনেও উঠে এসেছে জীবনের গভীর দর্শন। সালমান লিখেছেন, নিজের ইচ্ছায় একা থাকা আর নিঃসঙ্গ হয়ে পড়ার মধ্যে রয়েছে বিশাল পার্থক্য।
তার ভাষায়, একা থাকাটা হতে পারে ব্যক্তিগত পছন্দ, কিন্তু নিঃসঙ্গতা তখনই আসে যখন পাশে কাউকে পাওয়া যায় না।
যদিও ভাইজানের দার্শনিক এই বার্তার চেয়ে বেশি আলোচনা হচ্ছে তার অবিশ্বাস্য ফিটনেস আর বয়সকে হার মানানো লুক নিয়েই।
ছবিতে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকা সালমানের পেশিবহুল শরীর দেখে ভক্তরা কমেন্ট বক্সে প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন।
কেউ তাকে “বাস্তবের যোদ্ধা” আখ্যা দিয়েছেন, আবার কেউ লিখেছেন— বছরের পর বছর পেরিয়ে গেলেও সালমানের স্টাইল আর ব্যক্তিত্বে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি।
একজন নেটিজেন মজা করে মন্তব্য করেন, “৬০ বছর বয়সেও সালমান যেন স্টিলের তৈরি এক মেশিন!”
অনেকের মতে, ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের প্রকৃত ফিটনেস আইকন এখনও এক এবং অদ্বিতীয় সালমান খানই।
জানা গেছে, এই ফিটনেস ধরে রাখতে কঠোর অনুশাসনের মধ্যেই দিন কাটান ভাইজান।
তার ব্যক্তিগত প্রশিক্ষকের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন খুব ভোরে উঠে খালি পেটে কার্ডিও ব্যায়াম করেন তিনি। এরপর সুযোগ পেলেই ওয়েট ট্রেনিংয়ে সময় দেন।
সপ্তাহে ছয় দিন কঠোর শরীরচর্চার এই রুটিন তিনি কখনও ভাঙেন না।
বর্তমানে নিজের নতুন সিনেমা Matribhoomi-এর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন সালমান। সিনেমাটির শুটিংয়ের জন্য এখন লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছেন তিনি।
উচ্চ পার্বত্য অঞ্চলে জিম সরঞ্জাম ব্যবহার কঠিন হওয়ায়, মূলত শরীরের নিজস্ব ওজন ব্যবহার করে ‘ক্যালিসথেনিকস’ ব্যায়ামের মাধ্যমেই নিজেকে প্রস্তুত করছেন এই অভিনেতা।
টানা ৪৫ দিনের কঠোর পরিশ্রমের ফলেই তার এই নতুন ফিট লুক বলে জানা গেছে।
যুদ্ধভিত্তিক এই সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’।
এছাড়া গালওয়ান উপত্যকা ও চীন-সংক্রান্ত বেশ কিছু বিষয় বাদ দিয়ে নতুনভাবে সিনেমার শুটিংও শুরু করেছে নির্মাতা দল।
সূত্র: Hindustan Times













