রোতাব চৌধুরী :: জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালী ও জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
বেলুন উড়িয়ে মেলার উদ্বোধনের পর পাবলিক লাইব্রেরির শহিদ দৌলত ময়দান থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পাবলিক লাইব্রেরীর শহিদ সুভাষ হলে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল বলেন, বাংলাদেশের যত মামলা আছে বেশিরভাগেরই ভূমি নিয়ে, ভূমি নিয়ে জনসাধারণের অনেক দুর্ভোগ পোহাতে হয়, তাই মামলাগুলো কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় এবং মানুষকে সচেতন করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
তারই ধারাবাহিকতায় সরকার ভূমি সেবা মেলার আয়োজন করেছে। এই মেলার মধ্য দিয়ে ভূমি বিষয়ে পরামর্শ ও সহজ সমাধান পাওয়া যাবে।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।
সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।
ভূমিসেবা মেলায় উপজেলা ভূমি অফিস, ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব শাখাসহ ৯টি স্টল অংশ নিয়েছে।













