কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও এপ্রিল-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় কক্সবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবির অফিসার ও ফোর্সরা তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন।
পুলিশ সুপার কর্মকর্তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও বাহিনীর সার্বিক কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং পুলিশ সদস্যদের সুবিধা-অসুবিধা সমাধানে গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার সংশ্লিষ্টদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন এবং শ্রেষ্ঠ অফিসারদের অভিন্ন মানদণ্ড অনুযায়ী সম্মাননা প্রদান করেন।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ে এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।
সভায় মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, অপহরণ, মানবপাচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত অগ্রগতি পর্যালোচনা করা হয়।
দীর্ঘদিন ধরে তদন্তাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
তিনি অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং গুরুত্বপূর্ণ মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।














