সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম।
সোমবার (১৯ মে) দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতা, মতবিনিময় সভা ও শিক্ষা কার্যক্রম পর্যালোচনার মধ্য দিয়ে তাঁর এ গুরুত্বপূর্ণ সফর সম্পন্ন হয়।
সকাল ১০টায় তিনি কলেজ ক্যাম্পাসে পৌঁছালে কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান।
এসময় কলেজের বিএনসিসি (সেনা শাখা)-এর একটি চৌকস ক্যাডেট দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে এবং লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে কলেজ প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন তিনি।
সকাল ১১টায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন কলেজ পরিদর্শক।
প্রথমে তিনি শুধুমাত্র শিক্ষার্থীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে খোঁজখবর নেন।
পরে কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের নিয়ে যৌথ মতবিনিময় সভায় অংশগ্রহণ করে শিক্ষার্থীদের শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানে কলেজ প্রশাসনের প্রতি গুরুত্বারোপ করেন।
দুপুর ১২টা ৩০ মিনিটে শিক্ষক পরিষদ সভাকক্ষে অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হকের সভাপতিত্বে কলেজের শিক্ষকমণ্ডলীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম শিক্ষকদের নানা সমস্যা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা করেন। একইসঙ্গে শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলোও তুলে ধরেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ মুসলেহ উদ্দিন।
এছাড়া বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ অহিদুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক মুহাম্মদ উল্লাহ এবং কলেজ পরিদর্শন কার্যক্রম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান কাজী আবুল কাসেম।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে কলেজের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অধ্যক্ষ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম।
পরে কলেজ পরিদর্শক কক্সবাজার সরকারি কলেজের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন
। এসময় তিনি কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভিন্ন ভবনের শ্রেণিকক্ষ, ওয়াশরুম, ছাত্রাবাস ও ছাত্রীনিবাস সরেজমিনে ঘুরে দেখেন এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য তিনি কলেজ প্রশাসনকে পরামর্শ দেন।
জবাবে অধ্যক্ষ দ্রুত সমস্যাগুলোর সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।















